রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওপেনিংয়ে রেকর্ড জুটি, বড় সংগ্রহের পথে ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৭:৩২ পিএম

ওপেনিংয়ে রেকর্ড জুটি, বড় সংগ্রহের পথে ভারত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে স্বাগতিক ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেরিতে শুরু হলেও নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটে বড় সংগ্রহের শক্ত ভিত পেয়েছে হারমানপ্রীত কৌরের দল। এই দুই ওপেনার মিলে গড়েছেন বিশ্বকাপ ফাইনালে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির রেকর্ড।

টস জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠালেও সেই সিদ্ধান্ত বুমেরাং করে দেন শেফালি ও মান্ধানা। শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট চালান তারা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করেন, যা নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের পক্ষে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

বিধ্বংসী মেজাজে থাকা শেফালি ভার্মা সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ৮৭ রানেই থামতে হয়। তার ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল দারুণ সব বাউন্ডারিতে। আরেক ওপেনার স্মৃতি মান্ধানাও ৪৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলে আউট হন।

শেফালি ও মান্ধানার এই ১০৪ রানের জুটিটি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও র‍্যাচেল হেইন্সের জুটি। তারা ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৬০ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন।দুই ওপেনার ফিরে গেলেও তাদের গড়ে দেওয়া শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ভারত এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি বিশাল সংগ্রহের পথে এগোচ্ছে।