বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:২১ এএম

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের কর্পোরেট জগতের পরিচিত মুখ, উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। আজই (সোমবার) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি যোগ দেবেন বলে জানা গেছে।

রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে বোর্ডে আসলেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে এই পদে এসেছিলেন ইশফাক আহমেদ। তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সেই শূন্যস্থলেই রুবাবা দৌলাকে স্থলাভিষিক্ত করা হলো।

ক্রীড়া প্রশাসনে রুবাবা দৌলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের বাইরেও তিনি বাংলাদেশের কর্পোরেট জগতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। রুবাবা দৌলা দীর্ঘ ১১ বছর মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল, যা ক্রিকেটের বিপণনে নতুন মাত্রা যোগ করে।

রুবাবা দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকেও উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। বাংলাদেশের বিভিন্ন খাতে নারীদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে 'অনন্যা শীর্ষ দশ নারী' পুরস্কারেও ভূষিত হন।