বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৭:৩৫ পিএম

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের বাংলাদেশ বনাম ভারত ম্যাচ থেকে বাদ পড়লেন ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী। বুধবার (৫ নভেম্বর) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ছেত্রীকে বাদ রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের এই ম্যাচটি। এটি দুই দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচ।

বর্তমানে এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ এবং ভারত আছে চতুর্থ স্থানে। দুই দলেরই মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে যাওয়ায় নতুন কোচ খালিদ জামিল তরুণ খেলোয়াড়দের দিকেই মনোযোগ দিয়েছেন।গত মার্চে শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন ৪১ বছর বয়সী সুনীল ছেত্রী। কিন্তু সেই ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে ব্যর্থ হন এবং ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ফলে এবার স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর ছেত্রীকে সিএএফএ নেশনস কাপে সুযোগ দেননি এবং এবারও তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার ইঙ্গিত বহন করে।

ভারতের ঘোষিত স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি ও সাহিল। ডিফেন্ডাররা হলেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে এবং সন্দেশ ঝিঙ্গান। মিডফিল্ডাররা হলেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু এবং সুরেশ সিং ওয়াংজাম। এছাড়া ফরোয়ার্ড হিসেবে দলে রয়েছেন ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি ও বিক্রম প্রতাপ সিং।