বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৪১১ রানের উৎসবের ম্যাচ ৩ রানে জিতল নিউজিল্যান্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১০:২৬ পিএম

৪১১ রানের উৎসবের ম্যাচ ৩ রানে জিতল নিউজিল্যান্ড

রানের উৎসবে ভরা এই ম্যাচে লড়াইটা দারুণ জমে উঠেছিল। জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৬ রান। কিন্তু ক্যারিবীয় ব্যাটসম্যানরা সেই সমীকরণ মেলাতে পারেননি। তাই তো রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। ৩০টি ছক্কা ও ২৪টি চারের মারের এই নাটকীয় ম্যাচটি কিউইরা জিতেছে মাত্র ৩ রানের ব্যবধানে।৪১১ রানের দ্বিতীয় এই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের দেওয়া ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তা দেখে মনে হয়নি যে লক্ষ্যটা কঠিন। ভয়-ডরহীন ব্যাটিং করে জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে গিয়েই থামতে হয় অধিনায়ক শাই হোপের দলকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ২০৪ রানে সন্তুষ্ট থাকে। ব্যাট হাতে শেষ দিকে দুর্দান্ত পারফর্ম করে ১৬ বলে ৪৫ রান এনে দেন রভম্যান পাওয়েল। এছাড়া রোমারিও শেফার্ড ৩৪ এবং আলিক অ্যাথানেজ ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন।

কিউই বোলারদের মধ্যে মিচেল স্যান্টনার ও ইশ সোধি দুজনেই তিনটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন।এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল পুঁজি গড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে দাপুটে ব্যাটিংয়ে মাত্র ২৮ বল খেলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ওপেনার টিম রবিনসন ৩৯ রান এনে দেন এবং ড্যারিল মিচেল ২৮ রান যোগ করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ নেন দুটি উইকেট। পরে অলরাউন্ড পারফর্ম্যান্সের জন্য মার্ক চাপম্যান ম্যাচসেরার পুরস্কার জেতেন।

সংক্ষিপ্ত স্কোর:

  • নিউজিল্যান্ড: ২০৭/৫, ২০ ওভার (চ্যাপম্যান ৭৮, রবিনসন ৩৯)।

  • ওয়েস্ট ইন্ডিজ: ২০৪/৮, ২০ ওভার (পাওয়েল ৪৫, শেফার্ড ৩৪)।

  • ফল: নিউজিল্যান্ড ৩ রানে জয়ী।

  • সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।