নভেম্বর ২০, ২০২৫, ১০:৩১ পিএম
রাজধানীসহ প্রায় সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার (২১ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমার এই প্রবণতা শনিবারও (২২ নভেম্বর) অব্যাহত থাকতে পারে।
তবে এরপর আবার তা কয়েক দিন প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকবে। এরপর কয়েক দিনের জন্য তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
তবে চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে আসতে পারে এবং সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে বর্তমানে এর প্রভাবে বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অর্থাৎ, এই সপ্তাহেই শীতের হালকা প্রভাব দেখা গেলেও শীতের পূর্ণ দাপট পেতে মাসের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন