বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস; নদীবন্দরে সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১১:৩৭ পিএম

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস; নদীবন্দরে সতর্কতা

নদীবন্দরে সতর্কবার্তা

সারাদেশে চলমান তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাতে আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় দেশের পাঁচটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এই সতর্কবার্তায় জানানো হয় যে, নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই সব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতামূলক এই ব্যবস্থা বজায় রাখতে বলা হয়েছে।এদিকে নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। 

তবে এই তিন বিভাগ ছাড়া দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো এলাকায় তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে প্রকৃতি নিজের নিয়মেই তা প্রশমিত করতে শিলাবৃষ্টির সৃষ্টি করে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ১৬ মিলিমিটার এবং গোপালগঞ্জে ১৫ মিলিমিটার।তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও কুমারখালীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে স্বস্তির বৃষ্টির এই প্রবণতা খুব বেশি স্থায়ী নাও হতে পারে। আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা ফের কিছুটা বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকলেও দেশের অন্যত্র আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।