রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদের সময়ের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৮:০৪ পিএম

ঈদের সময়ের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

পবিত্র ঈদুল আজহার ঈদের সময়ের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের এই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়। 

অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় মে মাসের শেষভাগে দেশে বড় ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।চলতি মে মাসের দ্বিতীয় অর্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

লঘুচাপগুলোর মধ্যে অন্তত একটি পরবর্তীতে নিম্নচাপ অথবা সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। একই সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। চলতি মাসে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিমাণে বড় ধরনের তারতম্য দেখা যাওয়ার কথা বলা হয়েছে। 

মে মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে যেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৬০, চট্টগ্রামে ৩৩০ থেকে ৩৫০ এবং রংপুরে ২৬০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।রাজধানী ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০, রাজশাহী বিভাগে ১৭০  ১৯০ এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

পুরো মাসে দেশে পাঁচ থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে। ঈদের সময়ের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান যে বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম চলায় এই সময়ে সাধারণ ঝড়-বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। মে মাসের শেষের দিকে দেশের দুই-একটি অঞ্চলে বৃষ্টির স্পষ্ট আভাস থাকলেও কোন এলাকায় কেমন বৃষ্টিপাত হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।