মে ২৪, ২০২৬, ০৯:২৭ পিএম
ঢাকাসহ দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে আজ রোববার রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।ঝড়ো হাওয়ার সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জের পাশাপাশি পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সংশ্লিষ্ট সকলকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন