জুলাই ৩, ২০২৬, ০৮:৫২ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। রাত ১টার মধ্যে দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।আগামী কয়েক ঘণ্টা সারাদেশের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন