জুলাই ৪, ২০২৬, ০৭:১৩ পিএম
দেশের আটটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে।ঝড়ো হাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নদীর পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন পর্যন্ত ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সাবধানে চলাচল করতে এবং আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন