বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০১:১৯ পিএম

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর  সতর্ক সংকেত বহাল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ এক বুলেটিনে এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।