জুলাই ১০, ২০২৬, ০৯:৪৮ এএম
চীন ও তাইওয়ানের দিকে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতির বাতাস নিয়ে ধেয়ে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ১৯৮৭ সালের পর বিস্তৃতি বা আকারের দিক থেকে এটিই হতে পারে সবচেয়ে শক্তিশালী ঝড়। সম্ভাব্য এই বিপর্যয় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন বাভি সাম্প্রতিক বছরের অন্যতম বিধ্বংসী ঝড় হতে পারে। কিছুদিন আগেই টাইফুন মায়সাকের আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীন। এর মধ্যেই নতুন করে আঘাত হানতে যাচ্ছে বাভি। তাইওয়ানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ সামাল দিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রেখেছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, প্রায় এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত বাভি উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে আগামী শনিবার সন্ধ্যায় চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানতে পারে। টাইফুনটির বিস্তৃতি ১৯৮৭ সালের পর সবচেয়ে বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ জেসন চ্যাং।
এদিকে টাইফুন বাভির প্রভাবে জাপান এয়ারলাইন্স শুক্রবারের ৪৮টি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। অল নিপ্পন এয়ারওয়েজও দুই দিনে প্রায় ৬৭টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এছাড়া গুয়াংসি অঞ্চলে মায়সাকের প্রভাবে ৩৯ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে শক্তিশালী টাইফুনের প্রভাব বাড়ছে বলে বিজ্ঞানীরা মত দিয়েছেন। ওকিনাওয়া অঞ্চলেও প্রবল বাতাস, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন