জুলাই ১০, ২০২৬, ০৭:০৫ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপ ও বায়ুচাপের পার্থক্যের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এই বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে কিছুটা দুর্বল হয়েছে। এটি লঘুচাপ আকারে উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট জানানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন