বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:০৮ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তার কথা জানানো হয়।  

সাগর উত্তাল থাকায় জারি হয়েছে সতর্কবার্তা।  আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

গভীর সমুদ্রে অবস্থান করা নৌযানগুলোকে সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অনুরোধ জানিয়েছে প্রশাসন।  এদিকে অভ্যন্তরীণ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।