সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:৫১ এএম
দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার এই বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত অনুসরণের নির্দেশনা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন