মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

৪ দিন বৃষ্টির আভাস: কমবে তাপমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১০:১৯ এএম

৪ দিন বৃষ্টির আভাস: কমবে তাপমাত্রা

ছবি: Ai

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে কমবে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। বৃহস্পতিবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

শুক্রবার বৃষ্টির বিস্তার কিছুটা কমে আসতে পারে। এদিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। বর্ষার এই শেষ বৃষ্টির মধ্য দিয়েই দেশের আবহাওয়ায় পরিবর্তন আসবে।