নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৭ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সকাল ৯টায় তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে দেশের মধ্যে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। এক দিনের ব্যবধানে কমেছে ২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি। আজ সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সকালে দ্রুত সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
রাতভর কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু উত্তরের জনপদ।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী ও দিনমজুরদের শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। হিমেল বাতাসে বিপাকে পড়ছেন শিশু ও বয়স্করাও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন