রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে পাটচাষে আগ্রহ ফেরাতে কৃষককে বীজ উৎপাদন প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১১:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ে পাটচাষে আগ্রহ ফেরাতে কৃষককে বীজ উৎপাদন প্রশিক্ষণ

উন্নতমানের পাটবীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঠাকুরগাঁওয়ে পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০০ জন নির্বাচিত কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়।আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সদর উপজেলা হলরুমে।

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটির যৌথ আয়োজনে ছিল সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ঠাকুরগাঁও।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ ফারুক আহম্মদ। তিনি পাট একটি অর্থকরী ফসল এবং এর অবদান অনেক বলে উল্লেখ করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম রনি সহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষকরা জানান, যেহেতু এ জেলায় প্রাকৃতিক পানির উৎস কম, তাই পাট জাগ দেওয়া বা ধোয়ার ক্ষেত্রে বিশেষ সমস্যা হয়। এই কারণে আঁশের জন্য নয়, বরং বীজ উৎপাদনে এই জেলা বিশেষ উপযোগী। পাটের ব্যবহার বৃদ্ধিকে পরিবেশ সম্মত উল্লেখ করে তারা পলিথিনের বদলে দেশে পাটের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

প্রশিক্ষণ শেষে নির্বাচিত কৃষকদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও সনদ বিতরণ করেন অতিথিরা। এ সময় পাট চাষীরা পাটবীজ ও পাট উৎপাদনে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। পাশাপাশি পাট ভেজানোর আধুনিক প্রযুক্তি এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।