ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:০৫ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমের আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। মাঠজুড়ে এখন কৃষকদের ব্যস্ত সময়। ভোর থেকেই আলু তোলা, বাছাই ও বাজারজাত করার কাজ পুরোদমে চলছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার আগাম আলুর উৎপাদন ভালো হয়েছে।
তবে বাজারে দাম তুলনামূলক সহনীয় থাকায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরলেও, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে অনেক চাষি শঙ্কা প্রকাশ করেছেন।
বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুম ২০২৫-২৬-এ উপজেলায় মোট ১৫৫ হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন,এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে।
কৃষকদের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।”কৃষক বদরুদ্দোজা (বাপন) জানান, তিনি এ বছর সাগিটা জাতের আগাম আলু ৬ বিঘা জমিতে চাষ করেছেন। ফলন ভালো হলেও দাম কিছুটা কম। বর্তমানে আলু কেজিপ্রতি প্রায় ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
খরচের তুলনায় লাভ খুব বেশি হবে না বলে তিনি জানান।আরেক কৃষক জানান, উৎপাদন ভালো হলেও সার, বীজ ও শ্রমিকের বাড়তি খরচে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন