রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বোঝেন: দিনাজপুরে কৃষি সচিব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:০৭ পিএম

দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বোঝেন: দিনাজপুরে কৃষি সচিব

ছবি-দিনাজপুর টিভি

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, দেশের খাদ্যের বড় একটি যোগান দিচ্ছে দিনাজপুর। এই সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকরা। বিজ্ঞানীরা গবেষণা করেন ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে সত্যিকার অর্থে কৃষি বোঝেন এই দেশের কৃষকরাই।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের নশিপুরস্থ পাটবীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) আয়োজিত পৃথক মতবিনিময় ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, বর্তমানে পাটবীজের বড় একটি অংশ ভারত থেকে আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে ও বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে নতুন নতুন উচ্চ ফলনশীল পাটের জাত উদ্ভাবন করা হচ্ছে।

পাটের উৎপাদন বাড়লে দেশের চাহিদা মিটিয়ে সোনালি আঁশ বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তিনি প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহারের ওপর জোর দেন।গমের আবাদ প্রসঙ্গে তিনি বলেন, দেশে গমের চাহিদার তুলনায় যোগান অনেক কম। বিজ্ঞানীদের উদ্ভাবিত ব্লাস্ট রোগপ্রতিরোধী জাত ও আধুনিক আগাছা দমন প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা গমের বাম্পার ফলন পেতে পারেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার বিভিন্ন প্রণোদনা ও পরিকল্পনা বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডাব্লিউএমআরআই-এর মহাপরিচালক ড. মোঃ মাহফুজ বাজ্জাজ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তার। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডলসহ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিনাজপুর সদর, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উন্নত বীজ উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে কৃষি সচিব নশিপুরস্থ গবেষণা কেন্দ্রের বীজ উৎপাদন মাঠ ঘুরে দেখেন।