জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:০৬ পিএম
প্রযুক্তিগত সহায়তায় দিনাজপুরের চিরিরবন্দরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটছে। এর মধ্যে ‘আদর্শ (কমিউনিটি) বীজতলা’ পদ্ধতি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শ্রম, স্থান ও সেচ খরচ কম হওয়ায় এবং চারা সুস্থ-সবল থাকায় দিন দিন এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সনাতন পদ্ধতির চেয়ে আদর্শ পদ্ধতিতে ধান উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ কমে যায়। এই পদ্ধতিতে ১ মিটার প্রস্থ ও ৩ মিটার দৈর্ঘ্যের বেড তৈরি করে মাঝে ৫০ সে.মি. নালা রাখা হয়।
এতে বৈরি আবহাওয়ায় চারা কোল্ড ইনজুরি থেকে রক্ষা পায় এবং পোকা-মাকড়ের আক্রমণ কম হয়। বর্তমানে প্রচণ্ড শীত ও কুয়াশা থেকে রক্ষা পেতে অনেক কৃষক বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন।
নশরতপুর ও সাঁইতাড়া ইউনিয়নের কৃষকরা জানান, আগে পুরনো পদ্ধতিতে বীজতলা তৈরি করলে শিকড় ছিঁড়ে যেত এবং চারা দুর্বল হতো। কিন্তু আদর্শ পদ্ধতিতে চারার শিকড় সহজে মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে এবং পরিচর্যা করা সহজ হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা জানান, চলতি মৌসুমে চিরিরবন্দরের ১২টি ইউনিয়নে উপশী ৮৯৫ হেক্টর ও হাইব্রিড ৭৫ হেক্টর জমিতে বীজতলা অর্জিত হয়েছে। এর মধ্যে আদর্শ বীজতলা রয়েছে ৮৫০ হেক্টর জমিতে। তিনি আরও জানান, কৃষকদের লাভবান করতে এবং বোরো ধানের চারা সুস্থ রাখতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন