এপ্রিল ২২, ২০২৬, ০৫:৪৭ পিএম
দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সক্ষমতা বৃদ্ধিতে কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ভাটপাড়ায় বাংলাদেশ ন্যাজরীন মিশনের উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০২৫৩-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে এলাকার ৭০ জন কৃষক অংশ নেন।
প্রকল্পের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার। তিনি উপস্থিত কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে তিনি কৃষকদের হাতে উন্নত মানের ধান বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেন।উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, কৃষির আধুনিকায়নে উন্নত বীজ এবং যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। সরকার যেমন কৃষকদের সহায়তায় কাজ করছে, তেমনি বেসরকারি সংস্থাগুলোর এই উদ্যোগও কৃষকদের উৎসাহ জোগাবে।
বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট চেয়ারম্যান রেভা. মিলন রায়। সমাজকর্মী রত্না রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক কমলেশ চন্দ্র রায় এবং বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান। বক্তারা কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, আমন চাষের প্রস্তুতি হিসেবে ৫৫ জন কৃষকের প্রত্যেককে একটি করে উন্নত মানের স্প্রে মেশিন এবং ১৩ কেজি করে ব্রি-৯৮ জাতের আউশ ধানের বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ জন কৃষককে পরিবেশবান্ধব চাষাবাদের জন্য ৪২.২ কেজি করে সবুজ সার প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের মোট ৪৩৪ জন উপকারভোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ে এই ৭০ জন কৃষককে এসব উপকরণ দেওয়া হলো। পর্যায়ক্রমে অন্যান্যদেরও এই সহায়তার আওতায় আনা হবে।
বিতরণকৃত উচ্চ ফলনশীল ব্রি-৯৮ জাতের ধান বীজ পেয়ে এলাকার কৃষকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় তাদের চাষাবাদ অনেকটা সহজ হবে এবং উৎপাদন খরচও কমে আসবে। স্থানীয় পর্যায়ে কৃষকদের এমন সহায়তা প্রদান কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন