রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর গাবুড়ার টমেটো বাজার জমজমাট, লাভের মুখ দেখছেন কৃষকরা

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৪ পিএম

দিনাজপুর গাবুড়ার টমেটো বাজার জমজমাট, লাভের মুখ দেখছেন কৃষকরা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী গাবুড়া এলাকায় টমেটোর মৌসুমি বাজার এখন পুরোদমে জমে উঠেছে। ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুড়া থেকে মাস্তান বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের পাশে গড়ে উঠেছে টমেটোর এই বিশাল অস্থায়ী আড়ত। দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কোল ঘেঁষে প্রতিদিন ভোর হতেই চাষিদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

কেউ ভ্যানে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ কাঁধে করে নিজেদের ক্ষেতের তাজা টমেটো নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে।বাজারে ঢোকার সাথে সাথেই শুরু হয় পাইকার ও কৃষকদের দরদামের হাঁকডাক। 

টমেটোর আকার, রঙ এবং গুণগত মান বিচার করে মূল্য নির্ধারণ করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা জানান, প্রতি বছর এই মৌসুমে তারা দিনাজপুরের এই বাজার থেকে বিপুল পরিমাণ টমেটো সংগ্রহ করেন। প্রতিদিন এখান থেকে কয়েক ট্রাক টমেটো দেশের বিভিন্ন বড় বড় শহরে সরবরাহ করা হচ্ছে। 

কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রতি মণ টমেটো ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় দাম বেশি হওয়ায় বাগান মালিকরা এবার বেশ ভালো লাভের মুখ দেখছেন।সড়কের পাশে গড়ে ওঠা এসব অস্থায়ী আড়তকে কেন্দ্র করে শুধু কৃষক নয়, কয়েক হাজার শ্রমিকেরও কর্মসংস্থান হয়েছে। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা টমেটো পরিষ্কার করা, কাপড়ে মুছে চকচকে করা এবং নিপুণভাবে প্যাকিং করার কাজে ব্যস্ত থাকেন। 

স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, এই মৌসুমে কাজের সুযোগ বাড়ায় তাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকরা সঠিক পরিচর্যা করায় টমেটোর ফলন ও মান অত্যন্ত ভালো হয়েছে। বাজারে পর্যাপ্ত চাহিদা ও ন্যায্য মূল্য পাওয়ায় দিনাজপুরের এই অঞ্চলের টমেটো চাষিদের মধ্যে এখন আনন্দের আমেজ বিরাজ করছে।