মে ১২, ২০২৬, ১১:৪৬ পিএম
দিনাজপুরের বিরামপুরে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে `পার্টনার কংগ্রেস` অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে `প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ` (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিরামপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে উপজেলা কৃষি অফিস চত্বরে কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কমল কৃষ্ণ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিঞা, উপজেলা সমবায় অফিসার রাকিবুল ইসলাম এবং পৌর বিএনপি`র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
কংগ্রেসে উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন