শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

আধুনিক সেচ ব্যবস্থাপনায় বীরগঞ্জে রেকর্ড ধান উৎপাদন

মোঃ আরিফ ইসলাম

মে ১৯, ২০২৬, ০৫:২২ পিএম

আধুনিক সেচ ব্যবস্থাপনায় বীরগঞ্জে রেকর্ড ধান উৎপাদন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী সেচ প্রকল্প এলাকায় ব্রি ধান-৮৮ এর শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে প্রকল্পভুক্ত স্থানীয় সাধারণ কৃষক এবং পানি ব্যবস্থাপনা দলের সদস্যরা অংশ নেন। সঠিক সেচ ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের কারণে এই এলাকায় ধানের আশানুরূপ ফলন হয়েছে।

মাঠপর্যায়ের এই কার্যক্রমে ফলন পরিমাপ করে হেক্টরপ্রতি ৬ দশমিক ৭ টন ধান উৎপাদন রেকর্ড করা হয়।বাম্পার এই ফলন স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। শস্যকর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ অফিসার ও কোর্স কোঅর্ডিনেটর মো. রফিউল বারি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর অঞ্চলের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেন দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুরজামান নয়ন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম এবং ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান।

মাঠ দিবসের আলোচনায় ব্রি ধান-৮৮ এর উৎপাদন বৃদ্ধি, আধুনিক সেচ পরিকাঠামো এবং টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন যে আধুনিক কৃষি প্রযুক্তি ও সমন্বিত পানি ব্যবস্থাপনার সঠিক প্রয়োগের মাধ্যমেই উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এ ধরনের মাঠ দিবস কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করবে এবং দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।