রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের বীরগঞ্জে লিচু সংগ্রহের ধুম, ব্যস্ত শ্রমিকরা

মোঃ আরিফ ইসলাম

মে ২১, ২০২৬, ০৭:০২ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে লিচু সংগ্রহের ধুম, ব্যস্ত শ্রমিকরা

ছবি-দিনাজপুর টিভি

মধুমাস জ্যৈষ্ঠের আগমনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লিচু বাগানগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান মালিক ও শ্রমিকরা লিচু সংগ্রহ, বাছাই এবং ক্যারেটে ভরার কাজে ব্যস্ত সময় পার করছেন। পাল্টাপুর, নিজপাড়া, শিবরামপুর, সাতোর, মোহনপুর ও ভোগনগর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় লিচুর বাম্পার ফলন হওয়ায় স্থানীয় অর্থনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রতিদিন গাছ থেকে লিচু সংগ্রহের এই কর্মযজ্ঞে কয়েকশ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, যারা দৈনিক মজুরি হিসেবে ৪৫০ থেকে ৬০০ টাকা আয় করছেন।লিচু চাষি মো. হযরত আলী জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর আকার ও স্বাদ বেশ ভালো হয়েছে। 

বাজারে বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচুর চাহিদা তুঙ্গে এবং পাইকারি দরে প্রতিটি হাজার লিচু প্রায় ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তাপমাত্রার পরিবর্তনের কারণে কিছু এলাকায় লিচু ঝরে পড়ার কিছুটা শঙ্কা থাকলেও সার্বিক উৎপাদন নিয়ে তারা সন্তুষ্ট। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু লিচু এখন দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

লিচু মৌসুমকে ঘিরে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।দিনাজপুরের লিচুর খ্যাতি দেশজুড়ে থাকায় মৌসুমের এই সময়ে বাজারগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাগান মালিকরা জানিয়েছেন, লিচু সংগ্রহের এই মৌসুম তাদের জন্য বছরের অন্যতম আয়ের উৎস, যা বীরগঞ্জের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।