সুবল রায়
জুলাই ৪, ২০২৬, ১২:৪০ এএম
ছবি : দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার গিরিধরপুর গ্রামে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বেগুন চাষে নীরব বিপ্লব ঘটেছে।ইফাদ ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এসএসিপি-আরএআইএনএস প্রকল্পের আওতায় এখানকার কৃষকেরা এখন বিষমুক্ত ও উন্নত জাতের বেগুন চাষ করছেন। দলগত প্রচেষ্টায় এই আধুনিক কৃষি পদ্ধতি তাদের অর্থনৈতিক ভাগ্য বদলে দিচ্ছে।
এই কৃষি বিপ্লবের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক দল উদ্যমী কর্মকর্তা। তারা প্রান্তিক কৃষকদের একত্রিত করে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনায় সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের নেতৃত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখির সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো উচ্চ মূল্যের পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা। বেগুন চাষিরা এখন সেক্স ফেরোমন ট্র্যাপ, মালচিং পেপার ও জৈব বালাইনাশকের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছেন, যা উৎপাদন খরচ কমিয়ে লাভের পরিমাণ বাড়াচ্ছে। কৃষকদের সঙ্গে সরাসরি পাইকারদের সংযোগ স্থাপনের ফলে উৎপাদিত বেগুনের ভালো বাজারদরও নিশ্চিত হয়েছে।
গিরিধরপুরের কৃষকদের এই সাফল্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও ক্লাইমেট-স্মার্ট কৃষির এক অনন্য মডেল হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় যে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে, তা বিরলের কৃষকদের এই অর্জন প্রমাণ করে।