জুলাই ৭, ২০২৬, ০৪:২০ পিএম
লেখাপড়া শেষ করেও সরকারি চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের পথে সফল হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার তানজিমুল ইসলাম। নিজের বাড়িতে দুগ্ধ খামার ও ভার্মি কম্পোস্ট সার তৈরির মাধ্যমে একদিকে যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, অন্যদিকে সৃষ্টি করেছেন স্থানীয় বেশ কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ।
উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম পড়াশোনা শেষ করে সরকারি চাকরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি। হতাশায় না ডুবে তিনি নিজের সৃজনশীলতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। নিজের বাড়ির পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। গরু পালনের পাশাপাশি তিনি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কৌশল অবলম্বন করেন। গরুর গোবর, খামারের উচ্ছিষ্ট ও কেঁচো ব্যবহার করে তিনি উৎপাদন শুরু করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার।
তানজিমুল জানান, তার খামারে উৎপাদিত দুধের পাশাপাশি এই জৈব সার বিক্রি করে ভালো আয় হচ্ছে। কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের চাহিদা বাড়ায় তার উৎপাদিত পণ্য স্থানীয় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও তাকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
তার এই সফলতাকে কেন্দ্র করে এলাকার অন্য বেকার যুবকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। সরকারি চাকরির পেছনে সময় নষ্ট না করে নিজস্ব দক্ষতা ও স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে তানজিমুল যেভাবে স্বাবলম্বী হয়েছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার খামারে কাজ করে এখন অনেকেই জীবিকার পথ খুঁজে পেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন