আগস্ট ১৮, ২০২৬, ১১:১৩ পিএম
দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিজের জমিতে আখ চাষ এবং আখের রস বিক্রি করে অভাবনীয় সফলতা পেয়েছেন চকবসন্ত মোন্নাপাড়া গ্রামের মমিনুর ইসলাম। ছেলে আরিফুল ইসলামও মাস্টার্স পাসের পর চাকরির পেছনে না ছুটে বাবার এই ব্যবসায় সময় দিচ্ছেন।রস বিক্রি করেই স্বাবলম্বী হয়ে উঠেছে মমিনুরের পুরো পরিবার।
একসময় গাছ কাটা ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মনসুর আলীর ছেলে মমিনুর। প্রায় পাঁচ বছর আগে ১৪ থেকে ১৫ হাজার টাকা দিয়ে পুরনো একটি ভ্যানে আখের রস তৈরির মেশিন কিনে ব্যবসা শুরু করেছিলেন তিনি। এখন ক্রেতাদের চাহিদা বাড়ায় প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে কিনেছেন আধুনিক মেশিন। এই মেশিনের বিশেষত্ব হলো, হাতের স্পর্শ ছাড়াই সরাসরি আখ থেকে রস বের করা যায়।
আগে অন্যের কাছ থেকে আখ কিনলেও এখন নিজের ৩৬ শতক জমিতে উৎপাদিত লাল গেন্ডারি জাতের আখ ব্যবহার করছেন তিনি। বাড়ি এনে আখ পরিষ্কার ও প্রক্রিয়াজাত করতে স্ত্রী ও ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা সহযোগিতা করেন। শিক্ষাজীবন শেষে চাকরির অপেক্ষায় না থেকে বাবার পাশে দাঁড়িয়ে পারিবারিক এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন ছেলে আরিফুল।
প্রতিদিন মোন্নাপাড়া ব্রিজ এলাকায় প্রায় দুই থেকে পাঁচ হাজার টাকার আখের রস বিক্রি হয়। পরিচ্ছন্ন পরিবেশের কারণে গরমে ক্লান্ত পথিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা নিয়মিত তার দোকানে ভিড় করেন।
বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান জানান, আখের উৎপাদন খরচ কম হওয়ায় এটি অত্যন্ত লাভজনক ফসল। উপজেলায় বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। মমিনুর নিজে আখ চাষ ও রস বিক্রি করে যে সফলতা অর্জন করেছেন, তা স্থানীয়ভাবে অনেকের জন্যই একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন