বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাটের ফলন ভালো হওয়ায় ব্যস্ত ফরিদপুরের কৃষকরা

কৃষি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৪:৫১ পিএম

পাটের ফলন ভালো হওয়ায় ব্যস্ত ফরিদপুরের কৃষকরা

ছবি : সংগৃহীত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটকে ঘিরে ফরিদপুরের কৃষক পরিবারগুলোতে এখন ব্যস্ততার ধুম পড়েছে। মাঠ থেকে শুরু করে জলাশয় পর্যন্ত পাটের আঁশ ছাড়ানোর কর্মযজ্ঞে মুখর হয়ে উঠেছে পুরো জেলা। বর্ষা মৌসুমে পাট কাটা ও জাগ দেওয়ার পর নদী, খাল, বিল ও জলাশয়ে ভোর থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষকে একযোগে কাজ করতে দেখা যাচ্ছে।

পাট চাষে ব্যস্ত ফরিদপুরের মানুষ।কৃষকরা পাট গাছ কেটে পানিতে জাগ দেওয়ার পর সেগুলো তুলে আঁশ ছাড়াচ্ছেন। কেউ পানির মধ্যে দাঁড়িয়ে আঁশ ছাড়ানোর কাজে নিয়োজিত, আবার কেউ পাটের আঁশ ধুয়ে রোদে শুকানোর জন্য বাঁশের খুঁটিতে বা খোলা জায়গায় বিছিয়ে দিচ্ছেন। সালথা উপজেলার কৃষক আরফিন মাতুব্বর জানান, এ বছর সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের বৃদ্ধি ভালো হয়েছে এবং ফলনও আশানুরূপ হয়েছে। পরিবার ও শ্রমিকের সহায়তায় তারা এখন আঁশ ছাড়ানোর কাজ শেষ করছেন।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৭ হাজার ৩২৮ হেক্টর। তবে কৃষকদের আগ্রহের কারণে ৮৭ হাজার ৪০২ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগ থেকে কৃষকদের পরিষ্কার পানি ব্যবহার, সঠিক সময়ে পাট কাটা এবং যথাযথভাবে শুকানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এতে পাটের গুণগত মান ভালো থাকবে এবং বাজারে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।