আগস্ট ২১, ২০২৬, ০৩:৪৯ পিএম
বোরো মৌসুমে একই পরিমাণ জমি, সার ও পানি ব্যবহার করেও কেবল কিছু বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ফলন বাড়ানো সম্ভব। ধান চাষে প্রত্যাশিত সাফল্য পেতে কৃষকদের ছোট কিছু বিষয়ে নজর দেওয়া জরুরি। সঠিকভাবে প্রযুক্তি ও পরিচর্যা ব্যবস্থাপনা মেনে চললে ধানের কুশি বৃদ্ধি পায়, শীষ লম্বা হয় এবং দানা ভারী হয়। মাঠে পরীক্ষিত এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যায় বোরো ধানের ফলন লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়।প্রথমত, চারা রোপণের ক্ষেত্রে সঠিক বয়স নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উফশী বা ব্রি ধানের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ দিন এবং হাইব্রিড ধানের ক্ষেত্রে ২০ থেকে ২৫ দিন বয়সের চারা রোপণ করা উত্তম। কম বয়সের চারা রোপণ করলে গাছে অধিক পাশকাটি বা কুশি গজায়। দ্বিতীয়ত, এলোমেলোভাবে চারা না লাগিয়ে অবশ্যই উত্তর-দক্ষিণ লাইন বরাবর রোপণ করতে হবে।
এ ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব আট ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব ১০ ইঞ্চি বজায় রাখা উচিত। প্রতি গোছায় তিন থেকে চারটি চারা দিলে আলো-বাতাস সমানভাবে পৌঁছে এবং ফলন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ে।তৃতীয়ত, একবারে ইউরিয়া সার প্রয়োগ না করে তিনটি কিস্তিতে ভাগ করে দিতে হবে। প্রথমবার কুশি গজানোর সময়, দ্বিতীয়বার থোর আসার আগে এবং শেষবার শীষ বের হওয়ার আগে ইউরিয়া প্রয়োগ করলে গাছ শক্ত থাকে ও দানা ভালো ভরাট হয়। চতুর্থত, গাছে যখন কুশি গজায় এবং থোর তৈরি হয়, তখন কোনোভাবেই জমিতে পানির ঘাটতি রাখা যাবে না।
বিশেষ করে থোর আসা ও ধানে দুধ আসার সময় জমিতে পর্যাপ্ত পানি রাখা বাধ্যতামূলক। এই সঠিক পানি ব্যবস্থাপনা ফলন ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।পঞ্চমত, রোগ দেখা দেওয়ার পর প্রতিকার করার চেয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা লাভজনক। বোরো মৌসুমে সাধারণত ব্লাস্ট, পাতা পোড়া ও মাজরা পোকার আক্রমণ বেশি ঘটে, যা আগে থেকেই রোধ করা সম্ভব। এছাড়া ধানের পাশকাটি গজানো শেষ পর্যায়ে জিপসাম ও দস্তা সার প্রয়োগ করলে শীষ বড় হয় এবং ধানের ওজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই সহজ নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে কৃষক ভাইয়েরা লাভজনকভাবে বোরো ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে পারবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন