অক্টোবর ২, ২০২৫, ১০:৩৭ এএম
ঝিনাইদহ, ০২ অক্টোবর, ২০২৫—জেলার চলতি রোপা আমন মৌসুমে ধানক্ষেতে এক ধরনের পচন রোগ দেখা দিয়েছে। এই রোগ দমনে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। কৃষকদের আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে জেলার ৬ উপজেলার ১ লাখ ৪ হাজার হেক্টর জমির আমন ধান পচে যেতে পারে, যা স্থানীয় কৃষকদের সারাবছরের উৎপাদনের একটা বড় অংশ নষ্ট করে দেবে।
প্রান্তিক কৃষকদের বক্তব্য পরিষ্কার: ফলন নষ্ট হলে খাদ্যের অভাব দেখা দেবে, এমনকি উৎপাদন খরচও উঠে আসবে না।জেলার সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে সরেজমিনে এই পচন রোগের সংক্রমণ লক্ষ্য করা গেছে। ভুক্তভোগী কৃষকরা বলছেন, রাতারাতি পচন রোগে ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে।
এমনকি পচন রোধক ওষুধ ও কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ধানের ফলন নিয়ে তাই দুশ্চিন্তায় পড়েছেন তারা।সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, ধান রোপণের পর থেকে নিয়মিত যত্ন নিলেও পচন রোগে অনেক গাছ মরে যাচ্ছে। বারবার কীটনাশক ব্যবহার করায় কেবল খরচ বাড়ছে, কিন্তু রোগ সারছে না।
একই চিত্র কোটচাঁদপুর উপজেলার মহিদুল ইসলামের ক্ষেতেও। তিনি বাসসকে বলেন, ধানের গোড়ায় পোকা ঢুকে গাছের ডগা ও পাতা কেটে দিচ্ছে, এতে ধানের গোছা মরে গিয়ে সাদা হয়ে গেছে এবং গোড়ায় পচন ধরেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছিল।
ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৬৪ হাজার ১৩৯ মেট্রিক টন। কিন্তু এই পচন রোগ রোধ করা সম্ভব না হলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাসসকে বলেছেন, "এখন পর্যন্ত আমন ধানে পোকার আক্রমণ নিয়ে গুরুতর তথ্য পাইনি।
তবে আমাদের মাঠকর্মীরা নিয়মিত কৃষকদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।" তিনি আশ্বস্ত করেছেন যে, আমনের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে এবং পচন রোগ দমনে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। দ্রুতই পচন রোগ সম্পর্কে প্রকৃত অবস্থা জানতে সরেজমিনে ধানক্ষেত পরিদর্শন করা হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন