অক্টোবর ৬, ২০২৫, ০৯:৩৯ পিএম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলতি আমন মৌসুমে ধানে ভয়াবহ পোকার আক্রমণে হাজার হাজার কৃষক চরম বিপাকে পড়েছেন। প্রায় ১৪,৯৬৫ হেক্টর জমিতে আবাদ করা আমন ধানে মাজরা পোকা, কারেন্ট পোকা, সাদা পাতা মোড়ানো পোকাসহ নানা ধরনের উপদ্রব দেখা দিয়েছে।
কৃষকেরা কীটনাশক ছিটিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না, উল্টো ধানের গাছ মরে যাচ্ছে এবং ফলনহানির তীব্র শঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কোনো কার্যকর পরামর্শ বা সহযোগিতা করছেন না।
চাষীরা দীর্ঘশ্বাস ফেলে বলছেন, "ওষুধে হাজার হাজার টাকা খরচ করেও কুল করতে পারলাম না, এখন মাঠের অবস্থা শেষ হয়ে গেল।" এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা অবশ্য কৃষকদের অভিযোগ অস্বীকার করে নিজেদের দায়িত্ব পালনের কথা বলছেন। তাদের দাবি, সরকারি নীতিমালা মেনেই তারা মাঠে কাজ করছেন এবং ফসলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি, তিনি বিচারাধীন বিষয় উল্লেখ করে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন। এমতাবস্থায়, ভুক্তভোগী কৃষকেরা দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে তারা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন