অক্টোবর ৮, ২০২৫, ১০:৪২ এএম
মরুভূমির ফল এখন সাফল্যের সঙ্গে ফলছে বাংলাদেশের মাটিতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কৃষক মো. মুস্তাকিম সরকার মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ফল ‘সাম্মাম’ বা রক মেলন চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। সুস্বাদু ও মিষ্টি এই ফল চাষ করে তিনি প্রায় দ্বিগুণ লাভের আশা করছেন।
আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে ‘মায়ের দোয়া বহুমুখী কৃষি প্রকল্প’ নামে ৯ বিঘা জমিতে কৃষি খামার গড়ে তুলেছেন মুস্তাকিম। এর মধ্যে প্রায় ১ বিঘা জমিতে তিনি আধুনিক মালচিং পদ্ধতিতে সাম্মাম এবং বাকি ৮ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। তার মাচায় ঝুলছে হলুদ রঙের সাম্মাম আর মাটিতে সবুজ তরমুজ, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের কৃষকরা।
কৃষক মুস্তাকিম সরকার জানান, জমি ইজারা, বীজ, সার ও পরিচর্যাসহ তার মোট খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। এরই মধ্যে ফল বিক্রি শুরু হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি সাম্মাম ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর ভালো পেলে তিনি এ চাষ থেকে ৬ লাখ টাকার বেশি আয়ের আশা করছেন, যা তার বিনিয়োগের দ্বিগুণ।
তিনি বলেন, “সাম্মাম ফলের রোগবালাই তুলনামূলকভাবে কম এবং গাছে সামান্য সার ও কীটনাশক দিলেই চলে। কৃষি কর্মকর্তাদের সার্বিক পরামর্শে এবার ফলন বেশ ভালো হয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “মুস্তাকিম একজন উদীয়মান ও আগ্রহী কৃষক। কৃষি অফিসের প্রযুক্তিগত সহায়তায় তিনি সাম্মাম চাষ করে সফলতা পেয়েছেন। তার এই সাফল্য দেখে অন্য কৃষকদেরও আমরা এই ফল চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করব।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন