বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১০:১২ এএম

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

ছবি- সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর দুই পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল এখন শীতের আগাম সবুজে ছেয়ে গেছে। ঘন বৃষ্টির ক্ষতি সামলে অধিক লাভের আশায় বুক বেঁধে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ নানা ধরনের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার দড়িকান্দি, শুশুণ্ডা, আলীরচর, সোনাপুরসহ বিভিন্ন চরাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকদের প্রাণচাঞ্চল্য। কেউ জমিতে আগাছা পরিষ্কার করছেন, কেউ পোকামাকড় দমনে কীটনাশক ছিটাচ্ছেন, আবার কেউবা আগাম লাগানো শসা ও করলা বাজারজাত করার জন্য জমি থেকে তুলছেন। উর্বর বালুমিশ্রিত দোআঁশ মাটিতে সবজির বাম্পার ফলনের সম্ভাবনা থাকায় চরের জনপদে ফিরেছে প্রাণের স্পন্দন।

তবে এবারের পথচলা সহজ ছিল না। অনেক কৃষক জানান, মৌসুমের শুরুতে ঘন ঘন বৃষ্টির কারণে তাদের বীজতলা নষ্ট হয়ে যায়। ফলে নতুন করে চারা রোপণ করতে হয়েছে, যা তাদের খরচ ও শ্রম দুটোই বাড়িয়ে দিয়েছে। সোনাপুর এলাকার কৃষক আব্দুল মজিদ বলেন, ‘বৃষ্টিতে অনেক জমির ফসল নষ্ট হওয়ায় দুইবার করে আবাদ করতে হয়েছে। এখন আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাব আশা করি।’

কৃষকরা আরও একটি বড় সমস্যা নিয়ে অভিযোগ করেন। তাদের মতে, মাটি খেকুদের দৌরাত্ম্যে চরাঞ্চলের শত শত একর উর্বর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যা গোমতীর বাঁধকেও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান জানান, ‘গোমতীর চরের মাটি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে ফলনও ভালো হয়। আমরা মাঠপর্যায়ে কৃষকদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি।’ কৃষকরাও মনে করেন, সরকারের পক্ষ থেকে সময়মতো সার, বীজ ও আর্থিক অনুদান পেলে তারা আরও ভালোভাবে ফসল ফলাতে পারবেন এবং স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহ করতে পারবেন।