অক্টোবর ২১, ২০২৫, ০৭:০০ পিএম
চলতি রবি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে প্রায় ৪২ হাজার ১৩০ হেক্টর জমিতে ১১ লাখ ১৯ হাজার ৮৯৩ টন শীতকালীন সবজি উৎপাদনের এক বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, যা সফল হলে এই অঞ্চলের কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে।
রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী—এই পাঁচ জেলা নিয়ে গঠিত রংপুর কৃষি অঞ্চলে কৃষকরা ইতোমধ্যে আমন ধান কাটার পর শীতকালীন সবজির বীজ বপন শুরু করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে প্রায় ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে সবজি চাষ সম্পন্ন হয়েছে এবং আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে পুরোদমে সবজি চাষ শুরু হবে।
রংপুর অঞ্চলের ডিএই-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম (বাসস)-কে বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ভালো উৎপাদন ও ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা শীতকালীন সবজি চাষে অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছেন। আগামী মাস থেকেই আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু করবে, এতে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।”
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের পিএইচডি ফেলো ড. মো. মামুনুর রশিদ জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর চরাঞ্চলের কৃষকরাও আগাম জাতের সবজি চাষ শুরু করেছেন, যা ইতোমধ্যে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে।
এই বিশাল উৎপাদন লক্ষ্যমাত্রা সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বিএডিসি কৃষকদের মানসম্মত বীজ, সার ও কারিগরি সহায়তা প্রদান করছে। পাশাপাশি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এনজিও সহজ শর্তে কৃষিঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন