অক্টোবর ২৩, ২০২৫, ০৯:১৮ পিএম
উত্তরাঞ্চলের জেলা নাটোরে আসন্ন আমন মৌসুমকে ঘিরে সমৃদ্ধির হাতছানি দেখা দিয়েছে। চলতি খরিপ-২ মৌসুমে জেলায় রোপা আমন ধানের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, যা বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজের সহজলভ্যতা, ধানের ভালো দাম এবং কৃষি বিভাগের সময়োপযোগী প্রণোদনা—এই চতুর্মুখী ইতিবাচক প্রভাবের ফলে কৃষকরা এবার আমন চাষে বিশেষভাবে উৎসাহিত হয়েছেন।
মাঠজুড়ে এখন সবুজ ধানের সতেজতা আর আগাম জাতের সোনালী শীষের সমারোহ, যা এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে, সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে ধানের উৎপাদন চার লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ খরিপ-২ মৌসুমে জেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৬ হাজার ৮৮৫ হেক্টর জমিতে।
কিন্তু কৃষকদের ব্যাপক আগ্রহ এবং কৃষি বিভাগের সহায়তায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে মোট ৭৬ হাজার ৯৯৭ হেক্টর জমিতে আমনের আবাদ সম্পন্ন হয়েছে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার চেয়েও ১১২ হেক্টর অতিরিক্ত জমিতে এবার রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এই অতিরিক্ত আবাদই প্রমাণ করে যে, কৃষকরা ধান চাষকে একটি লাভজনক খাত হিসেবে দেখছেন এবং তারা এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
উপজেলাওয়ারী আবাদের হিসাবে দেখা যায়, জেলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় এবার সর্বোচ্চ পরিমাণ জমিতে আমনের আবাদ হয়েছে। সিংড়ায় মোট ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে, যা জেলার মোট আবাদের একটি উল্লেখযোগ্য অংশ। অন্যান্য উপজেলার মধ্যে বড়াইগ্রামে ১৬ হাজার ৭৫৪ হেক্টর, নাটোর সদর উপজেলায় ১০ হাজার ৬১০ হেক্টর, লালপুরে নয় হাজার ১৮৫ হেক্টর, গুরুদাসপুরে ছয় হাজার ৭৮০ হেক্টর, বাগাতিপাড়ায় ছয় হাজার ৩৭৩ হেক্টর এবং নলডাঙ্গা উপজেলায় তিন হাজার ৬৯৫ হেক্টর জমিতে আমনের আবাদ সম্পন্ন হয়েছে।
এই পরিসংখ্যান জেলার প্রায় সর্বত্রই আমন চাষের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়ার চিত্র তুলে ধরে।আবাদকৃত ধানের জাত পর্যালোচনা করলে দেখা যায়, কৃষকরা মূলত উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান চাষেই বেশি মনোযোগী হয়েছেন। মোট আবাদকৃত জমির মধ্যে ৭০ হাজার ৬৪৬ হেক্টর জমিতেই চাষ করা হয়েছে বিভিন্ন উফশী জাতের ধান। এর পাশাপাশি, কৃষকরা পাঁচ হাজার ৭৪৬ হেক্টর জমিতে হাইব্রিড জাতের এবং মাত্র ৬০৫ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন ধান চাষ করেছেন। উফশী ও হাইব্রিড জাতের প্রতি এই ঝোঁক প্রমাণ করে যে, কৃষকরা এখন অধিক ফলনের মাধ্যমে তাদের মুনাফা বাড়াতে চাইছেন।
কৃষকদের এই আগ্রহকে আরও উৎসাহিত করতে কৃষি বিভাগও নিয়েছে নানা উদ্যোগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানিয়েছে, কৃষকদের নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে বিশেষ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রাজস্ব খাতের আওতায় জেলার ২০২ জন কৃষককে এবং রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ছয়জন কৃষককে তাদের এক বিঘা জমিতে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
এছাড়া পার্টনার প্রকল্পের আওতায় আরও ১৬ জন কৃষকের মোট দুই একর জমিতে একই ধরনের প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারে কেবল উপকারভোগী কৃষকরাই নন, বরং আশপাশের এলাকার অন্যান্য কৃষকরাও ব্রি-৯০, বিনা-২৬ এবং প্রায় সম্পূর্ণ নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ব্রি-১০৩ এর মতো ধানগুলোর উৎপাদন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। এই প্রদর্শনী খামারগুলো নতুন প্রযুক্তি ও জাত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে নাটোরের মাঠগুলোর দিকে তাকালে মন জুড়িয়ে যায়। রাস্তার দু’ধারে, বিলের ভেতরে যতদূর চোখ যায়, কেবল সবুজ ধানের সতেজ গাছ আর সদ্য সোনালী বর্ণ ধারণ করতে শুরু করা ধানের শীষের নয়নাভিরাম দৃশ্য। দিগন্ত বিস্তৃত এই সবুজ-সোনালী ধানের মাঠ যেন সমৃদ্ধির আগমনী বার্তা দিচ্ছে। সবুজ ক্ষেতগুলোতে গাছের পাতা ভেদ করে ধানের কচি কুশি বা শীষ উঁকি দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।
আর উঁচু জমিতে লাগানো আগাম জাতের ধানের ক্ষেতগুলো ইতোমধ্যেই সোনালী বর্ণ ধারণ করে পরিপক্ক ধানের ভারে নুইয়ে পড়েছে। এসব আগাম জাতের ধান আর মাত্র দুই সপ্তাহ পর থেকেই কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা। তবে জেলার নিচু এলাকা বা বিল অঞ্চলে যেহেতু চাষাবাদ কিছুটা দেরিতে শুরু হয়, তাই সেসব এলাকার ধান কাটতেও কিছুটা বিলম্ব হবে।
হালতি বিল অধ্যুষিত বাশিলা এলাকার কৃষক এম আরিফুল ইসলাম জানান, তিনি এবার পাঁচ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেছিলেন। এর মধ্যে নিচু জমির তিন বিঘা অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে নিমজ্জিত হয়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। তবে অবশিষ্ট দুই বিঘায় থাকা উচ্চ ফলনশীল ব্রি-৭৫ এবং স্থানীয় জাতের জিরাশাইল ধানের অবস্থা বেশ ভালো। নাটোর সদর উপজেলা পৌরসভার মোহনপুর এলাকার আদর্শ কৃষক আহমেদুল কবীর জানান, তিনি দুই বিঘাতে হাইব্রিড এবং দুই বিঘাতে শম্পাকাটারি জাতের ধান আবাদ করেছেন।
উঁচু জমি হওয়ায় তিনি আগাম ধান চাষ করতে পেরেছেন এবং আশা করছেন আগামী সপ্তাহের মধ্যেই ধান কাটা শুরু করতে পারবেন। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল অঞ্চলের সিংড়া উপজেলার কুমিড়া এলাকার আরেকজন আদর্শ কৃষক জুলফিকার আনাম তারা জানান, তিনি এবার সতের বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন, যার বেশিরভাগই উন্নত মানের সুগন্ধি ধান। তিনি জানান, আর কিছুদিনের মধ্যেই তার ক্ষেতে ধানের শীষ বের হবে। এবারের চাষাবাদের পরিবেশ এবং আবহাওয়া এখন পর্যন্ত খুবই অনুকূলে রয়েছে এবং তিনি আশা করছেন ফলনও খুব ভালো হবে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান বলেন, একটি সমৃদ্ধ ফলন নিশ্চিত করার জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ নিয়মিতভাবে মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছেন। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বাসস’কে বলেন,
এ বছর উন্নত জাতের বীজের সহজলভ্যতা এবং বাজারে ধানের চড়া দাম কৃষকদের আমন ধানের আবাদ বাড়াতে বিশেষভাবে উৎসাহিত করেছে। প্রত্যাশিত ফলন অর্জনের জন্য কৃষি বিভাগ নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করছে এবং যেকোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিচ্ছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, এবারের ফলন হবে আশাতীত এবং নাটোর জেলা আবারও দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’




দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন