অক্টোবর ২৮, ২০২৫, ০৬:২৬ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এখন চলছে প্রাকৃতিক মধু সংগ্রহের মৌসুম। উপজেলার নিঝুমদ্বীপ, কাজির বাজার বনসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মোয়ালরা মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। শীতের মৌসুমে ধান ও বিভিন্ন ফুলের রস থেকে মৌমাছিরা এই মধু সংগ্রহ করে গাছে বাসা বাঁধে।
স্থানীয়ভাবে এই মধু অর্থনীতির নতুন আশার আলো হয়ে উঠেছে, কারণ এর পুষ্টিগুণ ও স্বাদের জন্য চাহিদা অনেক বেশি। মোয়ালরা জানান, গাছে মৌচাক বসার ২০ থেকে ২৫ দিন পর প্রথমবার এবং পরবর্তীতে প্রতি ১৫ থেকে ২৫ দিন পরপর মধু সংগ্রহ করা যায়।
তবে, এই মধু সংগ্রহকারীরা পর্যাপ্ত পোশাক ও সরঞ্জামের অভাবে অনেকটা ঝুঁকি নিয়েই কাজ করছেন এবং তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। মধু সংগ্রহের সময় হাত ভালোভাবে পরিষ্কার করা বা পানির স্পর্শ এড়ানোর মতো সতর্কতা অবলম্বন করতে হয়, অন্যথায় মধুর গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
হাতিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, প্রতিবছর এই অঞ্চল থেকে প্রাকৃতিক চাক হতে ছয় থেকে আট মেট্রিক টন মধু সংগ্রহ করা হয়, যা উচ্চ চাহিদার কারণে দ্রুত বিক্রি হয়ে যায়। কৃষি বিভাগ মনে করে, মোয়ালদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এবং কৃত্রিমভাবে চাষ করা হলে এই অঞ্চলে মধু সংগ্রহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। জাতীয় উদ্যান নিঝুমদ্বীপসহ হাতিয়ার বিভিন্ন বনের মৌচাকগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এ খাত থেকে সরকার আর্থিকভাবে আরও লাভবান হতে পারবে



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন