ফাহিম হোসেন রিজু
অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী ধানের সমারোহ। কাস্তে হাতে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।উপজেলার পালশা, বুলাকীপুর, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নের মাঠগুলো ঘুরে দেখা যায়, কৃষকদের মাঝে আনন্দের আমেজ। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হলেও আর কয়েকদিনের মধ্যেই মৌসুম পুরোদমে জমে উঠবে।
কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে আমনের ফলন বেশ ভালো হয়েছে। তবে শ্রমিক সংকট ও বাড়তি মজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন তারা। বর্তমানে প্রতিদিন একজন ধান কাটা শ্রমিককে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মজুরি দিতে হচ্ছে।উপজেলার বলগাড়ী বাজার এলাকার কৃষক মিঠু মন্ডল বলেন, “এ বছর ধানের ফলন ভালোই হয়েছে। মজুরি কিছুটা বেশি হলেও আমরা খুশি, কারণ গতবারের তুলনায় ফলন বেড়েছে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘোড়াঘাটে প্রায় ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাতগুলো হলো ব্রি-ধান ৯৩, ৭৫, ২০, ১৭ এবং স্বর্ণা।ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ফলন ভালো হয়েছে। আমরা আশা করছি, কৃষকরা ধানের ভালো দামও পাবেন।”মাঠে সোনালী ধানের ঢেউ আর কৃষকের মুখের হাসি— সব মিলিয়ে ঘোড়াঘাটের গ্রামীণ জনপদে এখন উৎসবের আমেজ।