ফরহাদ হোসেন
অক্টোবর ৩০, ২০২৫, ০৩:৫৫ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন মৌসুমি দেশি ফলের সমারোহ। উপজেলার বাজারগুলোতে ও মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ফল বিক্রেতা ও পাইকাররা। শীতের আগমনে দেশি ফলের চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ।
বাজার ঘুরে দেখা গেছে, তেঁতুল, জলপাই, আমলকি, কামরাঙা, পেয়ারা, বাদামি ও পেঁপেসহ বিভিন্ন দেশি ফল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ভিন্ন দামে। অন্যান্য ফলের তুলনায় দাম কম থাকায় ক্রেতারা প্রতিদিনই ফলের দোকানে ভিড় জমাচ্ছেন।
সাধারণ দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ জানান, বিদেশি ফলের দাম বেশি হওয়ায় সেগুলো তাদের নাগালের বাইরে। কিন্তু দেশি ফল সুলভ ও ভেজালমুক্ত হওয়ায় তারা এখন নির্ভয়ে এসব ফল কিনে খেতে পারছেন।
ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, "আমি কয়েক বছর ধরে দেশি ফলের ব্যবসা করছি। গ্রামের মানুষ বসতবাড়ির উঠানে এসব ফলের গাছ লাগিয়েছে। আমি গ্রামে গ্রামে ঘুরে পাইকারি দরে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করি। এসব ফল বিষমুক্ত হওয়ায় বিক্রি অনেক ভালো হচ্ছে।"
দেশি ফল ক্রেতা সাকেকুল ইসলাম বলেন, "আমি একজন দিনমজুর। বিদেশি ফল কেনা সম্ভব না হলেও দেশি ফল সুলভ দামেই পাওয়া যায়, আবার একদম টাটকা ও ভেজালমুক্ত।"