রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কৃষি জমিতে স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর আইন করছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৫৮ পিএম

কৃষি জমিতে স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর আইন করছে সরকার

কৃষি জমিতে বসতভিটা, শিল্প কারখানা কিংবা ইটভাটা নির্মাণ বন্ধ করতে 'ফসল জমির সুরক্ষা আইন' নামে একটি নতুন আইন করতে যাচ্ছে সরকার। কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফসলের উৎপাদন ধরে রাখতে এবং দেশকে খাদ্য সংকটের হাত থেকে রক্ষা করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে এবং আবাদী জমিতে নতুন বসতভিটা গড়ে তোলা হচ্ছে। এছাড়াও লাভের জন্য অনেক স্থানে কৃষি জমিতে ইটভাটা ও শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে ৮৮ লাখ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে, কিন্তু প্রতিবছর আড়াই থেকে তিন হাজার হেক্টর জমি অকৃষি খাতে চলে যাচ্ছে।

কৃষি উপদেষ্টা বলেন, এভাবে চলতে থাকলে দেশ পরনির্ভরশীল হয়ে পড়বে, তাই কৃষি জমি রক্ষায় এই আইন করা হচ্ছে, যার আওতায় কিছু ফসলি জমিতে কোনো প্রকার অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। একইসাথে তিনি জানান, দেশে সারের কোনো সংকট নেই এবং দামও বাড়ানো হয়নি। যদি কোনো দুর্নীতিবাজ কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দাম নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন, ডিলারদের জন্য শুধু লাইসেন্স নীতিমালা সহজ করা হচ্ছে, যেখানে আগে দুটি লাইসেন্স নিতে হতো, এখন একটি নিলেই চলবে। উপদেষ্টা আরও জানান, এ বছর আমনের বাম্পার ফলন হওয়ায় ধান ও চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।