নভেম্বর ১, ২০২৫, ০১:৫৬ পিএম
খুলনা অঞ্চলে পুরোদমে রোপা আমন (টি-আমন) ধান কাটা শুরু হয়েছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল— এই চার জেলার কৃষকরা গত এক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা ও সংরক্ষণের কাজে মাঠে নেমেছেন তারা।চলতি মৌসুমে মৌসুমের প্রাথমিক ও মাঝামাঝি সময়ে খরার কারণে আমন চারা রোপণ ব্যাহত হয়েছিল। ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় আবাদ কিছুটা পিছিয়ে পড়ে। এ বছর ২ লাখ ৯০ হাজার ৩৪২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা নির্ধারিত কৃষি লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার ২৩৯ হেক্টর বা ২.৭৮ শতাংশ কম।
তবে আবাদের লক্ষ্যমাত্রা সামান্য কম অর্জিত হলেও ফলন নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বৃষ্টিপাতের পর কৃষকরা যেটুকু আবাদ করতে পেরেছিলেন, তাতেই বাম্পার ফলন পাচ্ছেন, যা তারা আশাও করেননি। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ১১ লাখ ৭ হাজার ৮০৫ টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কৃষক শহিদুল আলম জানান, তিনি প্রতি বিঘা জমি থেকে এ বছর ১৮ মণ আমন ধান কেটেছেন, যেখানে গত বছর একই জমিতে ফলন হয়েছিল ১৭ মণ। তিনি এই মৌসুমে মোট ১২ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন।
দাকোপ উপজেলার কলাবগী এলাকার কৃষক হামিদ মিয়া বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় বা ঘন কুয়াশার কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কার আগেই কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। এই কাজে তারা তাদের স্কুলগামী সন্তানদেরও সাময়িকভাবে নিয়োজিত করছেন।
খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় ১১ হাজার ৪৪ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে, অর্থাৎ মোট আবাদের ১৩.৫ শতাংশ ধান এরই মধ্যে কাটা হয়ে গেছে। বাকি ধান ডিসেম্বরের মধ্যেই কাটা শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ, উন্নত ফসল ব্যবস্থাপনা এবং উচ্চমানের বীজ সংরক্ষণের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া অনুকূল জলবায়ু, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক উচ্চমানের বীজের সঠিক বিতরণ এবং কৃষকদের কাছে সময়মতো সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করায় এবার কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন