নভেম্বর ৬, ২০২৫, ১০:২৭ পিএম
নিম্নচাপের প্রভাবে এবার বর্ষায় দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে মেহেরপুরের কয়েকটি ফসলি জমিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মেহেরপুর সদর ও গাংনী উপজেলার সিংহাটি, পাটকেলপোতা, শিমুলতলা, দরবেশপুরসহ প্রায় দশটি গ্রামের মাঠগুলো বর্তমানে পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় কয়েক হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এই অঞ্চলের চাষীরা জানান, খালের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না, যার ফলে একসময়কার তিন ফসলি এসব জমি বর্তমানে এক ফসলও ফলানো যাচ্ছে না এবং এভাবে ভারী বর্ষণ চলতে থাকলে অদূর ভবিষ্যতে এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হতে পারে।
তাই তারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এই দশটি গ্রামে প্রায় বিশ হাজার পরিবারের বাস, যাদের প্রত্যেকেই কৃষি কাজের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং জলাবদ্ধতার দ্রুত নিরসন না হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এই জলাবদ্ধতার কারণে কয়েক কোটি টাকার খাদ্য যোগান বন্ধ হয়ে গেছে। তবে উপজেলা প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জানিয়েছে যে, তারা বিষয়টি অবগত হওয়ার পরপরই ওই অঞ্চলের কৃষকদের নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং যদি তারা সে ব্যবস্থা করতে পারেন, তবে ওই অঞ্চলের ফসল উৎপাদন প্রায় পাঁচশো মেট্রিক টন বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, উপজেলা প্রশাসন এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পদক্ষেপ নেবেন বলেও নিশ্চিত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন