আগস্ট ২৮, ২০২৬, ০৭:০৬ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন বই দেখে লেখার দৃশ্য ক্যামেরায় ধারণ করতে যাওয়ায় দুই সাংবাদিকের ওপর শিক্ষক ও পরীক্ষার্থীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারধরের পাশাপাশি তাদের দুটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ সাংবাদিকতার সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় এবং একটি কক্ষে আটকে রাখা হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে।
শুক্রবার উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিকরা জানান, অর্থের বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করলে কলেজ শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হন।
একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে মারধর করা হয় এবং পরবর্তীতে থানায় অভিযোগ দিতে গেলে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে সাংবাদিকদের অনড় অবস্থানের মুখে পুলিশি তদন্ত শুরু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন যে ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন