মার্চ ৭, ২০২৬, ০৮:১৬ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে উদীয়মান কবি ইউ.জে. তাসনিমের প্রথম মৌলিক কাব্যগ্রন্থ ‘জলের গায়ে জল’। তারুণ্যের আবেগ ও বাস্তব জীবনের নানা অনুষঙ্গ নিয়ে সাজানো এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী সংস্থা বাংলার প্রকাশন।
মেলা শুরু হওয়ার পর থেকেই কবিতার পাঠকদের মধ্যে বইটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের পাঠকদের কাছে তাসনিমের কবিতার শৈলী ও বিষয়বস্তু সমাদৃত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বইটির প্রকাশক আহসান আল আজাদ জানান, ‘জলের গায়ে জল’ কেবল কিছু ছন্দের সংকলন নয়, বরং মানুষের গূঢ় অনুভূতি ও অপ্রকাশিত যন্ত্রণার এক শৈল্পিক বহিঃপ্রকাশ। এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে একদিকে যেমন বাস্তবতার কঠোর রূপ ফুটে উঠেছে, অন্যদিকে প্রেম ও বিচ্ছেদের করুণ সুরও সমানভাবে প্রস্ফুটিত হয়েছে।
প্রকাশকের মতে, কবি অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের মনের না বলা কথা ও আক্ষেপগুলোকে শব্দের মালায় গেঁথে তুলে ধরেছেন। কবিতার এই বৈচিত্র্যময় উপস্থাপন পাঠকদের হৃদয়ে গভীর দাগ কাটবে বলে তিনি প্রবল আশাবাদ ব্যক্ত করেন।লেখিকা ইউ.জে. তাসনিমের জন্ম বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায়। বর্তমানে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে অধ্যয়নরত।
প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি দীর্ঘকাল ধরে তিনি সাহিত্যের নিবিড় চর্চা করে আসছেন। ‘জলের গায়ে জল’ তার সাহিত্যিক জীবনের প্রথম একক প্রয়াস। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বাংলার প্রকাশনের ৬৪৯–৬৫০ নম্বর স্টলে কাব্যগ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা। সৃজনশীল এই কবির প্রথম প্রকাশনাকে ঘিরে তার সহপাঠী ও পাঠক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন