অক্টোবর ৯, ২০২৫, ০৫:৫৭ পিএম
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে সমসাময়িক শিল্পী আবু সালেহ টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী। তিন দিনব্যাপী এই আয়োজনে শিল্পী তার ল্যান্ডস্কেপড অ্যাবস্ট্র্যাকশন, মিক্সড-মিডিয়া এবং কনসেপচুয়াল ইনস্টলেশনের মাধ্যমে দর্শকদের জন্য এক নতুন মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করেছেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়, যা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
শিল্পী টিটুর চিত্রকর্মে নারী এক দার্শনিক ব্যঞ্জনা নিয়ে হাজির হয়। শিল্প সমালোচকদের মতে, তার ক্যানভাসে নারীর উপস্থিতি মূলত এক অবিরাম প্রতীক্ষা, বিরহ এবং অস্তিত্ব-শূন্যতার প্রতিচ্ছবি। উজ্জ্বল রঙের ব্যবহারের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর নীরবতা, যা দর্শকের মনে এক ধরনের ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক সংযোগ স্থাপন করে।
টিটুর ছবিতে দর্শক কোনো নির্দিষ্ট বস্তু বা পরিচিত দৃশ্য হয়তো খুঁজে পান না, কিন্তু তার রঙের আধুনিক ব্যবহার—বিশেষ করে মনোক্রোম্যাটিক বা একরঙা পটভূমির সঙ্গে উজ্জ্বল রঙের বৈপরীত্য—ক্যানভাসে এক ভিন্নধর্মী ছন্দ তৈরি করে। তার চিত্রকর্ম তাই শুধু দেখার বস্তু নয়, বরং দর্শকের জন্য এক মনস্তাত্ত্বিক অভিজ্ঞতাও বটে।
প্রদর্শনীতে আসা একাধিক দর্শক জানান, টিটুর কাজ দেখার সময় তারা এক ধরনের আবেগঘন বিমূর্ততা অনুভব করেন, যেখানে ব্যক্তিগত স্মৃতি, অবচেতন মনের ভাবনা এবং সামাজিক অস্থিরতার মতো বিষয়গুলো মিলেমিশে একাকার হয়ে যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন