শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

অমর একুশে বইমেলায় জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ১০:৫৬ পিএম

অমর একুশে বইমেলায় জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’

জিয়া হকের নতুন বই

চলমান অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি জিয়া হকের নতুন কিশোর কবিতার বই ‘দ্য কালচারাল হিরো’। ৪৭টি কবিতার এই সংকলনটি মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি এবং গত জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো হয়েছে। ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির স্টল নম্বর ৫৮১-৫৮৬। 

বইটির নজরকাড়া প্রচ্ছদ করেছেন ‘হাদির জিন্দাবাদ’ গানের জনপ্রিয় শিল্পী আবু উবায়দা এবং অলংকরণ করেছেন আশরাফুল ইসলাম। ২২০ টাকা বিনিময় মূল্যের এই বইটি ইতোমধ্যে মেলায় আগত পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বইটি সম্পর্কে লেখক জিয়া হক জানিয়েছেন যে এটি মূলত শহিদ শরিফ ওসমান হাদিকে নিবেদিত। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কবি তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। বইটিতে ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, এবং ‘কালচারাল হিরো’র মতো পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কবিতা ও সংগীতগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। 

লেখক আশা প্রকাশ করেন যে যারা ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার তাদের কাছে এই কাব্যগ্রন্থটি বিশেষ সমাদর পাবে। এটি কেবল একটি কবিতার বই নয় বরং সমসাময়িক ইতিহাসের এক কাব্যিক দলিল।জিয়া হক বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। মাদারীপুরের শিবচরে জন্ম নেওয়া এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

সাহিত্যের প্রতি অনুরাগ থেকে ছাত্রাবস্থাতেই তার লেখালেখি শুরু হয়। এর আগে ২০০৫ সালে তার প্রথম কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ‘মিস তোকে মিস করি’, ‘বন নাচে মন নাচে’ এবং ‘ঢেউ দোলানো নদীল মায়া’র মতো বইগুলো প্রকাশিত হয়। ‘দ্য কালচারাল হিরো’ বইটির মাধ্যমে তিনি সমসাময়িক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে কাব্যিক ভাষায় সাধারণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।