মার্চ ৮, ২০২৬, ১২:৩৫ পিএম
অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনে ভিন্ন এক আমেজ তৈরি হয়েছে। শুক্রবার কোনো স্কুল বা পড়ালেখার ব্যস্ততা না থাকায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছে শিশুরা। বিশেষ করে বইমেলার শিশু প্রহরকে কেন্দ্র করে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলায় আলাদা প্রাণসঞ্চার করেছে।
হরেক রকমের রঙিন বই দেখার পাশাপাশি শিশুরা মেতে উঠেছে পাপেট শো এবং বায়োস্কোপের মতো আনন্দদায়ক সব আয়োজনে।মেলা প্রাঙ্গণে আয়োজিত পাপেট শোর মাধ্যমে শিশুদের বিভিন্ন শিক্ষামূলক বার্তা দেওয়া হচ্ছে।
বিশেষ করে বই পড়ার প্রয়োজনীয়তা এবং নৈতিক শিক্ষার নানা দিক গল্পের ছলে ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়া বায়োস্কোপের মাধ্যমে দেখানো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে আসা পরিবারের বড় সদস্যদের পদচারণায় পুরো মেলা প্রাঙ্গণ একটি আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে। অভিভাবকরাও সন্তানদের পছন্দমতো নানা ধরনের গল্পের বই, ছবি আঁকার বই এবং সায়েন্স ফিকশন কিনে দিচ্ছেন।
অভিভাবকদের মতে, বর্তমান যান্ত্রিক জীবনে শিশুদের চার দেয়ালের গণ্ডি থেকে বের করে এমন সৃজনশীল পরিবেশে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশে বড় ভূমিকা রাখে। প্রযুক্তির আসক্তি কাটিয়ে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার এটিই উপযুক্ত মাধ্যম। মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটির দিনগুলোতে শিশুদের এমন অংশগ্রহণ প্রকাশকদের জন্য যেমন ইতিবাচক, তেমনি শিশুদের মেধা বিকাশের জন্যও সহায়ক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন