আগস্ট ৮, ২০২৬, ১২:২৯ এএম
কথা ছিলো- কথা আছে
মিতা চক্রবর্তী
কত কথা ছিলো- কত কথা আছে আজো
মনের তাঁবুতে সাজানো না বলা অনেক কথা আছে।
প্রথম যৌবনে গাঁথা নকশিকাঁথার প্রতিটি ফোঁড়ের সাথে হৃদয়ে গাঁথা আছে কত স্মৃতি - কত কথা!
হৃদয়ের গভীর গোপন গুহায় কত না বলা কথা
গুমরে কাঁদে!
বুকের দেয়াল থেকে কথার সুরকি ঝরে পড়ে সময়ের ধাক্কায়।
মিন্দানান্দ গহব্বরের মতো হৃদয়ের খাঁদে হিমালয়সম এক পাহাড় কথা ডুবে আছে না বলা কথা হয়ে।
কত অশ্রু ঝরা রাত নির্জনে পড়ে থাকা শুষ্ক পাতার মতো নিভৃতে কাঁদে।
কথার জোয়ার আজ শীর্ণ নদীর মতো মৃতবৎ।
এক সাগর কথা বাতাসের ধাক্কায় ভাটিতে পড়ে আছে।
কালের সাক্ষী কত কথা ক্লাসের খাতায়- বেঞ্চে -পাতার চিরকুটে- লুকানো চিঠিতে নিষ্প্রাণ হয়ে আছে।
কথা আজ হৃদয়ের গুম ঘরে
কথা আজ অবলুপ্ত প্রাচীন ভাষার মতো।
কথা আজ বিদায়ী কাজল
কথা আজ কালবৈশাখী ঝড়
কথা আজ কর্পূর সম অদৃশ্যে ভাসমান।
কথা আজ বেদনার স্মৃতি।
কথা আজ ইতিহাস
শুধু ইতিহাস!
তবুও কথা আছে
কথা ছিলো
কথা আছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন