অক্টোবর ২৯, ২০২৬, ১১:৩৩ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহেড়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে সকাল ৬টা ৪৫ মিনিটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয়ে প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। তীব্র শব্দের পর ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) চালককে দ্রুত বিষয়টি জানান। চালক তৎপরতার সাথে মহেড়া স্টেশনের কাছাকাছি গিয়ে ট্রেনটি থামিয়ে দেন। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
মহেড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, ট্রেনের `ঠ` চিহ্নিত বগিটি লাইনচ্যুত হয়েছে। রেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট্রেনের `ট` ও `ঠ` বগি দুটি ঘটনাস্থলে রেখে বাকি ট্রেনটি গন্তব্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
হঠাৎ এই দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। বিশেষ করে টাঙ্গাইল রেলস্টেশনে এবং যমুনা সেতু পূর্বপাড় স্টেশনে দুটি ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। লাইন স্বাভাবিক করতে তৎপরতা শুরু করেছে রেলওয়ে বিভাগ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন